সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের ধানসাগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুজনকে আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সকালে শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ দুজন হলেন শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের নজরুল ইসলাম (৩২) ও সোহেল হাওলাদার (২২)।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া বলেন, গত ১৩ এপ্রিল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৯ এপ্রিল বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে শরণখোলা থানায় রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান হাওলাদার, তাঁর চার সহযোগী ও অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় দুজনকে ছেড়ে দেওয়া হয়। অন্য দুজনকে আজ বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।