সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুজন গ্রেপ্তার
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে গতকাল সোমবার অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তবে ওই দুজন দাবি করেছেন, বনদস্যুদের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। আগেই তাঁদের আটক করা হয়েছিল।
গ্রেপ্তার দুজন হলেন সাতক্ষীরার শ্যামনগরের কালিঞ্চি এলাকার আবদুর রহিম (৩২) ও খুলনার পাইকগাছা এলাকার আজিয়ার রহমান (৩২)।
র্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) লিয়াকত আলীর ভাষ্য, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে পাঁচটায় ওই এলাকায় অভিযান চালানো হয়। তাঁদের উপস্থিতি টের পেয়ে জোনাব বাহিনীর সদস্যরা গুলি ছুড়তে শুরু করেন। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির পর বনদস্যুরা বনের ভেতরে আত্মগোপন করে। এ সময় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুর রহিম দাবি করেন, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান। গত বৃহস্পতিবার সকালে শ্যামনগরের মানিকখালি এলাকা থেকে তাঁকে সাদাপোশাকধারী কয়েকজন তুলে নিয়ে যায়। গতকাল ভোরে চোখ বেঁধে সুন্দরবনে নিয়ে যায়। আজিয়ার রহমান বলেন, তিনি খুলনা জজ আদালতে মুহুরির কাজ করেন। গত রোববার বেলা ১১টার দিকে আদালতের বাইরের সড়ক থেকে কয়েকজন তাঁকে ধরে নিয়ে যায়। গতকাল সকালে চোখ বেঁধে সুন্দরবনে নিয়ে আসে।
এ ব্যাপারে জানতে চাইলে র্যাব-৮-এর ডিএডি লিয়াকত আলীর বলেন, ‘তাঁরা সঠিক বলছেন না। তাঁদের গতকাল সকালে সুন্দরবন থেকে বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ডিএডি লিয়াকত আলী থানায় মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া দুজনকে দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। দুটি একনলা বন্দুক, একটি দোনালা বন্দুক, দুটি শাটারগান ও ১৬টি গুলি জমা দেওয়া হয়েছে।