সুন্দরবনে অস্ত্রসহ জলদস্যু গ্রেপ্তার, ৬ জেলে উদ্ধার
খুলনার দাকোপ উপজেলা অংশের সুন্দরবনে অভিযান চালিয়ে জলদস্যু বাহিনীর এক সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬। পাশাপাশি মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা ছয় জেলেকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাহজাহান মোল্লা (৩৫)। তিনি দাকোপ উপজেলার কালাবগি এলাকার বাসিন্দা।
আজ সোমবার দুপুরে র্যাব-৬–এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম খুলনা নগরের লবণচরা র্যাব-৬–এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ ঘটনায় দাকোপ থানায় দুটি মামলা হয়েছে।
খন্দকার রফিকুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার খুলনা রেঞ্জ এলাকার মারকি খাল, মাঝাফুটো, কালাবগি ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কালাবগি টহল ফাঁড়ি এলাকার ভদ্রা নদীসংলগ্ন মনসা খালের মোহনায় দক্ষিণ পশ্চিম পাড়ে বনদস্যুদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ হয়। সেখানে চার বনদস্যু ছয় জিম্মি জেলেকে নিয়ে মুক্তিপণের জন্য অপেক্ষা করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বনদস্যুরা জেলেদের নৌকায় রেখে পালিয়ে যায়। এ সময় বনদস্যু মো. শাহজাহান মোল্লাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
পরে একটি পয়েন্ট ২২ বোর কাটা রাইফেল, একটি গাদাবন্দুক, একটি দেশি শাটারগান, একটি রামদা, শটগানের ২৪টি গুলি, চারটি এমটি কার্টিজ, জেলেদের মাছ ধরার দুটি নৌকা ও অপহৃত ছয় জেলেকে উদ্ধার করা হয়।