সুন্দরবনে আগুন নিভেছে, ছয় দুর্বৃত্ত চিহ্নিত
পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতুলী এলাকায় গত বুধবার বিকেলে লাগা আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় বন বিভাগ ছয়জন দুর্বৃত্তকে চিহ্নিত করেছে।
গতকাল শনিবার বিকেলে আগুন নেভার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, আগুনে বনের সাড়ে তিন একর জায়গার গাছ ও লতাগুল্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা। এ ঘটনায় ছয় দুর্বৃত্তকে চিহ্নিত করেছেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধান বন সংরক্ষক ইউনুস আলী। আজ পরিদর্শনের কথা রয়েছে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেনের।
সুন্দরবনের প্রায় একই স্থানে এর আগে গত ১৮ এপ্রিল, ১৩ এপ্রিল ও ২৭ মার্চ অগ্নিকাণ্ড ঘটে। ১৩ এপ্রিলের অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি প্রায় সাড়ে আট একর বনভূমির গাছপালা পুড়ে যায়। এ ঘটনায় রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান হাওলাদার ও তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে ১৬ এপ্রিল আদালতে মামলা করে বন বিভাগ। মামলার আসামি সবাই শরণখোলা উপজেলার উত্তর ও দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাংলী ক্যাম্পের কর্মকর্তাসহ দুই নৌকাচালককে (বোটম্যান) সাময়িক বরখাস্ত করে বন বিভাগ।