সুন্দরবনে গাছ পাচারের অভিযোগে ১২ জন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের সুন্দরী গাছ পাচারে জড়িত থাকার অভিযোগে তিন কর্মকর্তাসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করেছে বন বিভাগ। বন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক (সিএফ) মো. আমির হোসাইন চৌধুরী তাঁদের বরখাস্ত করেন।

বরখাস্তকৃতরা হলেন, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্পের ফরেস্টার কর্মকর্তা আব্দুর রউফ, বনপ্রহরী বিধান চন্দ্র মহলদার, আলী আহম্মাদ, নৌকা চালক সুলতান হাওলাদার এবং শরণখোলা রেঞ্জের গোলপাতা কূপের ফরেস্টার আমজাদ হোসেন, মো. মোবারক হোসেন, বন প্রহরী হারুন অর রশিদ, আব্দুল আউয়াল, নৌকা চালক মো. বাদশা শেখ, আব্দুর রশিদ শিকদার, সেলিম সরদার ও নুরুল ইসলাম।

খুলনা সার্কেলের সিএফ মো. আমির হোসাইন চৌধুরী জানান, তাঁদের বিরুদ্ধে শরণখোলা রেঞ্জ থেকে গোলপাতার আড়ালে বন থেকে সুন্দরী গাছ কেটে পাচার এবং চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ি এলাকা থেকে প্রায় এক হাজার ঘনফুট সুন্দরী গাছ কেটে পাচারের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আমির হোসাইন আরও বলেন, গত এপ্রিল মাসে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে কর্মরত অন্তত ১৫ জন কর্মচারীর বিরুদ্ধে সুন্দরবনের মূল্যবান সুন্দরী গাছ কেটে পাচার করার অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের তদন্ত করতে বন বিভাগের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। বন বিভাগের খুলনা সার্কেলের উপ বন সংরক্ষক বশিরুল মামুনকে একটিতে এবং শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেনকে প্রধান করা হয়। তাঁরা তদন্তে ওই অভিযুক্তদের বিরুদ্ধে সুন্দরবনের সুন্দরী গাছ কেটে পাচার করার সত্যতা পেয়ে গত ৪ মে দুই কমিটি তিন কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁদের স্ব স্ব কর্মস্থল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।