সুন্দরবনে গুলিতে ৬ জন নিহত, পুলিশ বলছে 'বন্দুকযুদ্ধে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে গুলিতে ছয়জন প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তিরা আজ রোববার বিকেল ৪টার মান্দারবাড়ীয়া খালের উত্তর পাশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে দাবি করছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন, কয়রার দক্ষিনবেদকাশী ইউনিয়নের আনছার সানা (৫৫), সিদ্দিক সানা (৪৪), বাপ্পি হোসেন (২২), শফিকুল ইসলাম (৩৮), মজিদ গাজী (৩৫) ও মামুন গাজী (২৮)। তাঁদের মধ্যে মজিদকে গতকাল শনিবার রাতে দক্ষিণ বেদকাশী থেকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা ইলিয়াছ-জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য ও বাঘ শিকারি।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে তিনটি ১০ ফুট দৈর্ঘ্যের বাঘের চামড়া, চারটি বিদেশি একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকারসহ পুলিশের পাঁচ সদস্য ‘আহত’ হয়েছেন।

খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, শনিবার রাত ২টায় কয়রার দক্ষিণ বেদকাশি এলাকায় অভিযান চালিয়ে মজিদ গাজী নামের একজনকে আটক করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ইলিয়াস বাহিনীর সদস্য বলে জানান। আজ ভোরে তাঁকে নিয়ে সুন্দরবনে অভিযানে গেলে তিনি ইলিয়াসের আস্তানায় নিয়ে যান।
পুলিশ সুপারের দাবি, আস্তানায় যাওয়ার আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইলিয়াস বাহিনীর সদস্যরা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। প্রায় ৩০ মিনিটের ‘বন্দুকযুদ্ধ’ শেষে ইলিয়াস বাহিনী পিছু হঠতে বাধ্য হয়। পরে আস্তানা ও এর আশপাশ থেকে ওই ছয়জন গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এসএম মনিরুজ্জামান আজ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, সুন্দরবনের বাঘ কমে যাওয়ার পেছনে কয়েকটি সক্রিয় গ্রুপ রয়েছে। এদের মধ্যে ইলিয়াস-জাহাঙ্গীর বাহিনী অন্যতম। এরা বাঘসহ বিভিন্ন বন্যপশু শিকার করে পাচার করে।
‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তিরা আগেই ধরা পড়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, শুধু মজিদ গাজীকে শনিবার রাতে আটক করা হয়। সেই সময় তাঁর কাছ থেকে বাঘের চামড়া উদ্ধার করা হয়নি বলে জানান তিনি।