সুন্দরবনে গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার নিয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় দুই দল বনদস্যুর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে পশ্চিম সুন্দরবনের পশুরতলা নদীর তীরকাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৮০-৯০টি গুলির শব্দ শোনা গেছে বলে এলাকার কয়েকজন জানান। ফিরে আসা এক জেলে অন্তত একজন নিখোঁজ হয়েছেন বলে দাবি করেন। বনদস্যু শামিম বাহিনী ও নূর হোসেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন-সংলগ্ন কদমতলা গ্রামের জহুর আলী ও আবুল হোসেন জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের পশুরতলা এলাকার বড় খালের মধ্যে তাঁরা গোলাগুলির শব্দ শুনতে পান। রাত সাড়ে নয়টা থেকে শুরু হওয়া ওই গোলাগুলি রাত সাড়ে দশটা পর্যন্ত চলে।
সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায় জানান, তাঁদের আশপাশে বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধের বিষয়ে তিনি নিশ্চিত হতে পারেননি। তবে সুন্দরবনের গহিন থেকে সোমবার রাত ১০টার দিকে ৪০-৪৫ মিনিট ধরে গুলির শব্দ শোনা যায়।