সুন্দরবনে ছয় জেলে ও চারটি অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছি নদীতে র‍্যাবের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ছয় জেলেকে উদ্ধার করা হয়েছে। র‍্যাব বনদস্যুদের ফেলে যাওয়া চারটি আগ্নেয়াস্ত্র ও ১৯টি গুলি উদ্ধার করেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, র‍্যাব শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের ছোট কলাগাছি এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তারাও পাল্টা গুলি ছোড়ে। ৩০ মিনিট গোলাগুলির পর বনদস্যুরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া দুটি এক নলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান ও ১৯টি গুলি, ৩৬টি গুলির খোসাসহ তিনটি নৌকা উদ্ধার করা হয়। র‍্যাব বলছে, এ সময় কেউ হতাহত হয়নি।