সুন্দরবনে জাহাজডুবিতে দায়ী এমটি টোটালের চার কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবির ঘটনায় দায়ী পণ্যবাহী জাহাজ এমটি টোটালের মাস্টারসহ চার কর্মীকে আটক করেছে পুলিশ। জাহাজটিও পুলিশ নিজেদের জিম্মায় রেখেছে। বর্তমানে আটক জাহাজটি নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দা ডকইয়ার্ডে রাখা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গতকাল রোববার গভীর রাতে বাগেরহাটের পুলিশ নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশের সহায়তায় শীতলক্ষ্যা নদীর লক্ষণখোলা এলাকা থেকে জাহাজ এমটি টোটালকে আটক করে। এ সময় জাহাজের মাস্টার মোস্তফা, সহকারী মাস্টার ফারুক, সুকানি আক্কাস আলী ও পিয়ার আলীকে আটক করে পুলিশ। আটকের পর তাঁদের নারায়ণগঞ্জের বন্দর থানায় রাখা হয়েছে। তাঁদের বাগেরহাট থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।