সুন্দরবনে জেলের ওপর নির্যাতন জলদস্যুদের
সুন্দরবনে কামাল হোসেন (৩৫) নামের এক জেলেকে বর্বর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। চার দিন আটক রেখে একদল জলদস্যু তাঁর ওপর নির্যাতন চালায়।
কামাল উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আবদুল হাকিমের ছেলে। তিনি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
গত মঙ্গলবার রাতে হাসপাতালে কামাল জানান, গত শুক্রবার একটি ট্রলারসহ তাঁকে অপহরণ করে ১৫ সদস্যের একদল জলদস্যু। তাঁকে দস্যুদের আস্তানায় নিয়ে ওই ট্রলারের ইঞ্জিন কক্ষে আটকে রাখা হয়। তিন দিন পর সোমবার সন্ধ্যার দিকে তাঁকে লাঠি দিয়ে পেটানো শুরু করে ডাকতেরা। একপর্যায়ে কয়েকজন দস্যু তাঁর শরীর ও ঘাড়ের ওপর উঠে পা দিয়ে মাড়াতে থাকে। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন। চেতনা ফিরলে তাঁকে একইভাবে বারবার নির্যাতন করা হয়।
অসুস্থ কামাল অস্ফুট স্বরে বলেন, ‘আমাকে এভাবে নির্যাতন চালিয়ে বস্তাবন্দী করে নদীতে ফেলে দেওয়ার কথা শুনতে পাই। আমাকে এবারের মতো ক্ষমা করে ছেড়ে দেওয়ার আকুতি জানাই। পরে তারা আমাকে শরণখোলা এলাকার একটি ট্রলারে উঠিয়ে দেয়। ওই ট্রলারের জেলেরা আমাকে চরদুয়ানী পৌঁছে দেয়।’
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আনোয়ার উল্লাহ গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বিকেল থেকে কামাল হোসেন এখানে চিকিৎসাধীন। তাঁর দুই হাতে প্রচণ্ড গরম পানি ঢালা হয়েছে এবং শরীরে অমানবিক নির্যাতন করা হয়েছে। তবে আজ (বুধবার) তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত।
চরলাঠিমারা গ্রামের কয়েকজন জেলে জানান, একটি ট্রলারে সুন্দরবন-সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন কামাল হোসেন। ওই ট্রলারে তাঁর সঙ্গে ছিলেন রুহুল আমিন ও বেল্লাল হোসেন। কামালকে অপহরণের সময় রুহুল ও বেল্লালকে ট্রলার থেকে নামিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এ ঘটনা আমাদের জানা নেই। তবে সমিতির মাধ্যমে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’
পাথরঘাটা উপজেলা মাঝি সমিতির সভাপতি সিদ্দিক জমাদ্দার মুঠোফোনে বলেন, ‘এ ধরনের একটি খবর শুনেছি।’
পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফায়জুল কবির মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। হাসপাতালে পুলিশ পাঠিয়ে ঘটনাটির খোঁজ নেওয়া হচ্ছে।