সুন্দরবনে ট্রলারসহ আট জেলে গ্রেপ্তার
পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের গহিন অভয়ারণ্য এলাকায় মাছ ও কাঁকড়া ধরার সময় আট জেলেকে গ্রেপ্তার করেছেন সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। গতকাল বুধবার ভোরে সুন্দরবনের মান্দারবাড়ীয়াসংলগ্ন মাইট্টা খাল ও মালঞ্চ নদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জেলেরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর গ্রামের আনোয়ার হোসেন, একই এলাকার পশ্চিম কুয়াকাটা গ্রামের জাকির ফকির, নজরুল ইসলাম মোল্লা, মধ্যম খাজরা গ্রামের আবদুর রাজ্জাক ফরাজি, হুইসেনপাড়া গ্রামের আবু জাফর, ভোলার লালমোহন উপজেলার কালামুল্লাহ গ্রামের মো. আবদুল হান্নান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের মো. ওজিয়ার মোল্লা ও মো. আবুল কাসেম।
সুন্দরবনের স্মার্ট পেট্রোল টিমের লিডারও কৈখালি স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মান্দারবাড়ীয়াসংলগ্ন মাইট্টা খালের অভয়ারণ্যে কয়েকজন জেলে মাছ ধরছেন, এমন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে চারটার দিকে ছয় জেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি মাছ ধরার ট্রলার, শতাধিক বড়শি ও জাল জব্দ করা হয়। ভোর পাঁচটার দিকে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন এলাকার মালঞ্চ নদে কাঁকড়া ধরায় বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।