সুন্দরবনে দস্যুদের সঙ্গে গুলিবিনিময়, দুটি পাইপগান উদ্ধার
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের উলোখালী খালে বন বিভাগের লোকজনের সঙ্গে দস্যু বাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরার সুন্দরবন-সংলগ্ন রমজাননগর ইউপি চেয়ারম্যান আকবর আলী বলেন, গতকাল সকাল ১০টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন এলাকার গহিন বনে উলোখালী খালে বনদস্যু জোনাব বাহিনী অবস্থান করে বনজীবীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে, এমন তথ্যের ভিত্তিতে বন বিভাগের টহল দল ওই এলাকায় অভিযানে নামে। বেলা একটার দিকে টহল দল সেখানে পৌঁছানোমাত্র বনদস্যুরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বন বিভাগের পক্ষ থেকে পাল্টা গুলি ছোড়া হয়। ১৫-২০ মিনিট গুলি চলার পর দস্যুরা দ্রুত আত্মগোপন করে।
কৈখালী স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। ওই নৌকা থেকে দুটি পাইপগান জব্দ করা হয়।