সুন্দরবনে দুই দস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ, ১০ জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুন্দরবনে দুই দল দস্যুর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশুর খালের মুখে এ ঘটনা ঘটে। একটি বাহিনীর প্রধানের দাবি, গুলিতে প্রতিপক্ষের চার-পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া বাহিনীটির হাতে জিম্মি ১০ জেলেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এলাকাবাসী বনদস্যু জনাব বাহিনীর এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তাঁর নাম সাহেব আলী (৩০)।
শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের সাহেব আলী প্রথম আলোকে বলেন, তিনি দেড় মাস ধরে বনদস্যু জনাব বাহিনীর সদস্য হিসেবে সুন্দরবনে অবস্থান করছিলেন। বুধবার রাতে মুন্না বাহিনীর সঙ্গে তাঁদের বন্দুকযুদ্ধ শুরু হয়। তাঁর কাছে অস্ত্র না থাকায় তিনি বনের গভীরে আশ্রয় নেন। গতকাল বিভিন্ন পথ ঘুরে একটি জেলেনৌকায় করে উপজেলার সুন্দরবন-সংলগ্ন দাঁতিনাখালী এলাকায় নামেন। সঙ্গে সঙ্গেই তাঁকে এলাকার লোকজন আটক করেন। পরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল আলিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেব স্বীকার করেন, তিনি বনদস্যু জনাব বাহিনীর সদস্য।
অন্যদিকে জানতে চাইলে বনদস্যু মুন্না বাহিনীর প্রধান মুন্না গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুই পক্ষের বন্দুকযুদ্ধের সময় জনাব বাহিনীর চার-পাঁচ সদস্য নিহত হন। তাঁদের নামও জানান মুন্না। তিনি আরও বলেন, তাঁরা জনাব বাহিনীর একটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, একটি রাইফেল ও দুটি পাইপগান, ৩৫টি গুলি, একটি দ্রুতগতিসম্পন্ন ইঞ্জিনচালিত ট্রলার ও তিনটি নৌকা তাঁদের জিম্মায় নিয়েছেন। এ ছাড়া মুক্তিপণের দাবিতে জিম্মি করা ১০ জেলেকে উদ্ধার করেছেন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের আলতাফ গাজী, জহুর গাজী; শ্রীরামপুর গ্রামের আবদুর করিম শেখ; কয়রা সদরের আবদুল্লাহ গাজী; শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের বাবু বিশ্বাস, একই গ্রামের জগন্নাথ মণ্ডল, জয়দেব মণ্ডল, ব্রজেন মণ্ডল, পরিতোষ মণ্ডল ও দক্ষিণ কদমতলা গ্রামের ফজর মণ্ডল। তাঁদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান মুন্না।
উদ্ধার হওয়া একাধিক জেলে মুন্নার মুঠোফোন থেকে বলেন, তাঁরা কাঁকড়া ধরতে সুন্দরবনে যান। বনদস্যু জনাব বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে নিয়ে ওই নৌকায় আটকে রাখে। পরে তাঁদের মাথাপিছু ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে। বুধবার রাতে মুন্না বাহিনী তাঁদের উদ্ধার করে জিম্মায় নেয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, তিনি ঘটনা শুনে গতকাল সকালে বনপ্রহরীদের ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। ঘটনাস্থল থেকে ফিরে বনপ্রহরীরা জানিয়েছেন, কলাগাছি টহল ফাঁড়িসহ সুন্দরবনে অবস্থানরত জেলেরা বুধবার গভীর রাতে প্রায় এক ঘণ্টা ধরে গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেন। কলাগাছি টহল ফাঁড়ির সদস্যরাও বলেন, তাঁরা ৪৮-৫০টি গুলির শব্দ শুনেছেন। প্রায় একই কথা বলেন পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক শোয়াইব খান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।