সুন্দরবনে দুই মৌয়ালকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের দাবিতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুজন মৌয়ালকে অপহরণ করেছে বনদস্যুরা। গত ২৫ মে ফিরিঙ্গির কুকোমারী খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহৃত দুজন হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের মজি ঢালী (৩৫) ও হেলাল সরদার (৩০)।
মৌয়ালদের সূত্রে জানা গেছে, উপজেলার দাতিনাখালী গ্রামের ফজর আলী, মজি ঢালীসহ নয় সদস্যের দলটি ২৫ মে সকালে সুন্দরবনে প্রবেশ করে। এর আগে ২৪ মে তাঁরা পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) সংগ্রহ করেন। ২৫ মে রাতে তাঁরা ফিরিঙ্গির কুকোমারী খালে অবস্থান করছিলেন। এ সময় ২৫-৩০ সদস্যের একটি বনদস্যু দল দুটি নৌযান নিয়ে সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে মজি ঢালী ও হেলাল সরদারকে তুলে নিয়ে যায়। যাওয়ার আগে দুজনের মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করে বনদস্যুরা।
অপহৃতদের সহযোগীরা জানিয়েছে, মহাজনের কাছ থেকে চড়া সুদে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে বনে ঢুকেছেন তাঁরা।