সুন্দরবনে দুর্ধর্ষ হয়ে উঠছে বনদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের হাড়বাড়িয়াসংলগ্ন ভদ্রা নদীর খালে গত সোমবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে নাসির বাহিনীর প্রধান নাসির শেখ নিহত হয়। ওই দিন রাত থেকে পরদিন মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগর ও সুন্দরবনের শেষ সীমানায় দস্যু ফরহাদ ও জাহাঙ্গীর বাহিনী অনেকগুলো ট্রলারে হামলা চালিয়ে শতাধিক জেলেকে অপহরণ ও কোটি টাকার ইলিশ মাছ লুট করে।
র্যাব ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবন ও সাগর উপকূলে গত বছরের জানুয়ারি থেকে এ বছরের জুলাই পর্যন্ত কোস্টগার্ডের হাতে ৩৬ জন দস্যু আটক হয়েছে। উদ্ধার হয়েছে ১০৪টি অস্ত্র। আর গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দলপ্রধানসহ ১৯ জন দস্যু নিহত হয়েছে। আটজন আত্মসমর্পণ করেছে। তবে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ ডাকাতি থেমে নেই। মুক্তিপণ না পেলে বনজীবীদের হত্যা পর্যন্ত করছে দস্যুরা। চলতি ইলিশ মৌসুমে সহস্রাধিক জেলেকে অপহরণ করা হয়েছে। দস্যুদের মুক্তিপণ দিয়ে জেলেদের ছাড়িয়ে আনতে হয়েছে মহাজনদের।
বন বিভাগ ও বনজীবী সূত্রে জানা গেছে, ইলিশ, শুঁটকি, গোলপাতা, মধু এবং মোম আহরণের মৌসুম সামনে রেখে দস্যুরা সুন্দরবনসংলগ্ন সাগর উপকূলে ডাকাতি ও অপহরণ করে। সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে বছরের অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত শুঁটকি মৌসুম, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ, মধু ও মোম এবং অন্য সময় গোলপাতা আহরণ করা হয়। ফলে বছরজুড়েই দস্যুদের অপতৎপরতা থাকে।
আইন প্রয়োগকারী সংস্থা, বন বিভাগ ও জেলেদের তথ্য অনুযায়ী, পূর্ব সুন্দরবনের দুটি এবং পশ্চিম সুন্দরবনের আরও দুটি রেঞ্জে ৮-১০টি বনদস্যু বাহিনী সক্রিয়। এসব বাহিনী প্রতিবছর বিভিন্ন মৌসুমে দেড় থেকে দুই হাজার জেলে ও বনজীবীকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে। এভাবে তারা ২৫ থেকে ৩০ কোটি টাকা মুক্তিপণ আদায় করে। দস্যুবাহিনীর মধ্যে বর্তমানে সবচেয়ে দুর্ধর্ষ হচ্ছে—রাজু, ফরহাদ, বিল্লাল, শহিদুল, জাহাঙ্গীর, আউয়াল, মোশাররফ ও রুবেল বাহিনী। প্রতিটি বাহিনীতে প্রায় ৩০ থেকে ৪০ জন করে সদস্য রয়েছে। প্রতিটি সদস্যের কাছেই বন্দুক থেকে শুরু করে চায়নিজ রাইফেল পর্যন্ত আছে।
গত বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে রাজু বাহিনীর প্রধান রাজু আত্মগোপনে চলে যায়। এরপর বাহিনীর সদস্য ফরহাদ, বিল্লাল ও জাহাঙ্গীর পৃথক তিনটি বাহিনী গড়ে তোলে। একটি সূত্র জানিয়েছে, রাজু আত্মগোপনে থেকে এসব বাহিনী নিয়ন্ত্রণ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানান, বেশির ভাগ অপহরণের ক্ষেত্রেই ভয়ে জেলে ও মহাজনেরা কোনো অভিযোগ না করে মুক্তিপণ দিয়ে দেন।
সুন্দরবনের সাগর উপকূলের মৎস্যজীবীদের সংগঠন দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুন্দরবনসহ খুলনা, বাগেরহাট ও বরিশালের উপকূলে বনদস্যুরা প্রতিবছর মৎস্যজীবীদের কাছ থেকে ২৫-৩০ কোটি টাকা মুক্তিপণ আদায়সহ মালামাল লুট করে নিচ্ছে। খুব দ্রুত এদের নির্মূল করা না গেলে ভবিষ্যতে পর্যটকেরাও দস্যুদের হাতে আক্রান্ত হবে।
জাতীয় মৎস্যজীবী সমিতি শরণখোলা শাখার সভাপতি আবুল হোসেন বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দস্যু দমনের জন্য আবেদন করেছি। কিন্তু অপহরণ বন্ধ হয়নি। বরং এখন দিনেও অপহরণের ঘটনা ঘটছে।’
মংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারশেন কর্মকর্তা লে. কমান্ডার এম আলাউদ্দিন নয়ন বলেন, ‘সুন্দরবনে আমরা নতুন কিছু ক্যাম্প স্থাপন করেছি। টহল বোট নিয়মিতভাবে টহল দিচ্ছে। তবে দূরত্ব ও বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় অভিযান চালাতে সমস্যা হয়।’
র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বলেন, ‘সুন্দরবনের দস্যু দমনে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। দস্যুবাহিনীর প্রধান বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তবে অস্ত্র উদ্ধার হলেও সব অস্ত্র উদ্ধার হয় না। ফলে বাহিনীর অন্য সদস্য আবার বাহিনীপ্রধান হয়ে দস্যুতা চালাচ্ছে।’