সুন্দরবনে পাঁচ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরার সময় পাঁচ জেলেকে বনদস্যু মজিদ বাহিনীর সদস্যরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বখালি গ্রামের শাহাজান গাজী (২৮), হোসেন আলী (২৫), রমজাননগর ইউনিয়নে টেংড়াখালী গ্রামের আলম শেখ (২৭), কালিঞ্চী গ্রামের ইয়াছিন আলী (৩০) ও আবদুল রউফ গাজী (৩২)।

আজ মঙ্গলবার ভোরে বৈকারী খাল এলাকা থেকে জেলেদের অপহরণ করার পর জনপ্রতি এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

ওই জেলেদের দলে থাকা পার্শ্বখালি গ্রামের শহিদুল গাজী বলেন, গত রোববার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিস থেকে পাশ (অনুমতি) নিয়ে তাঁরা ছয়জন জেলে মাছ ধরতে যান। আজ ভোর সাড়ে চারটার দিকে মাছ ধরতে তাঁরা বৈকারী খালে ঢোকেন। এ সময় বনদস্যু মজিদ বাহিনীর পরিচয় দিয়ে কয়েকজন তাঁদের নৌকা আটক করে পাঁচজনকে অপহরণ করে নিয়ে যায়। গ্রামে গিয়ে অপহৃতদের মুক্তিপণের পাঁচ লাখ টাকা পাঠাতে স্বজনদের খবর দেওয়ার জন্য তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। বিষয়টি থানা-পুলিশকে না জানানোর জন্য হুমকিও দেয় তাঁরা।

কৈখালি স্টেশন অফিসের বন কর্মকর্তা মীর আবদুল লতিফ বলেন, বনদস্যু পরিচয় দিয়ে বৈকারী খাল থেকে কয়েকজন জেলেকে অপহরণ করার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে তাঁদের কাছে কেউ এখনো অভিযোগ করেননি।