সুন্দরবনে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
খুলনার কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন ঝপঝপিয়া নদীর ভুতুরমুড়ির চর অঞ্চলে গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোক্তারুল ঢালী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, তিনি সুন্দরবনের বনদস্যু হিসেবে পরিচিত মোক্তার বাহিনীর প্রধান।
গতকাল রাত পৌনে ১২টার দিকে ওই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আটটি বন্দুক, ছয়টি বোমা, ১৬টি গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
খুলনা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামানের ভাষ্য, গতকাল সকালে কয়রা উপজেলার মোস্তফার মোড় থেকে পুলিশ মোক্তারকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে রাতে মোক্তারকে সঙ্গে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযান চালায়। তাঁকে নিয়ে মুড়িরচরে পৌঁছালে মোক্তার বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এই ‘বন্দুকযুদ্ধের’ সময় একপর্যায়ে মোক্তার গুলিবিদ্ধ হন।
ওসি রোকনুজ্জামানের ভাষ্য, গুলিবিদ্ধ মোক্তারকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
কয়রা থানার ওসি সুবীর দত্ত জানান, মোক্তারের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলাসহ ১২টিরও বেশি মামলা আছে।