সুন্দরবনে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু জিয়া বাহিনীর ‘দ্বিতীয় প্রধান’ মিন্টু গাজী (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে তাঁকে ও তাঁর ভাই সন্টু গাজীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। তাঁরা শ্যামনগরের চাঁদনিমুখো গ্রামের আবদুল মান্নান গাজীর ছেলে।
তবে এ বন্দুকযুদ্ধের ঘটনা সাজানো বলে মিন্টু গাজী দাবি করেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের ভাষ্যমতে, বনদস্যুদের ধরতে গতকাল বেলা ১১টার দিকে সুন্দরবনের সিংাহড়তলী এলাকায় এক অভিযান চালানো হয়। এ সময় বনদস্যু বাহিনীর সদস্যরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলি চালায় পুলিশ। শুরু হয় প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী বন্দুকযুদ্ধ। পরে বনদস্যুরারা পিছু হটে পালিয়ে যায়।
ওসি আরও বেলন, ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাঁকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় আরও একজনকে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, গুলিবিদ্ধ ব্যক্তি হলেন মিন্টু গাজী। তিনি জিয়া বাহিনীর দ্বিতীয় প্রধান। অপরজন তাঁর ভাই ও বাহিনীর সদস্য সন্টু গাজী। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে মিন্টু গাজীর দাবি, পেশায় তিনি একজন জেলে। একসময় ওই বনদস্যু বাহিনীতে যোগ দিলেও পরে দলত্যাগ করে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল ভোরে সাতক্ষীরা থেকে পুলিশ ভাইসহ তাঁকে গ্রেপ্তার করে ট্রলারে তুলে সুন্দরবনের ভেতর নিয়ে যায়। সেখানে তাঁর দুই পায়ে গুলি করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হায়দার বলেন, মিন্টু গাজীর দুই পায়ের ঊরুতে গুলি লেগে রক্তক্ষরণ হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। ৪৮ ঘণ্টা না পেরুলে তাঁর অবস্থা শঙ্কামুক্ত, এমনটা বলা যাবে না।
শ্যামনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মিন্টু গাজীর বিরুদ্ধে সুন্দরবনে ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে তিনটি মামলা রয়েছে। তিনি দাবি করেন, বন্দুকযুদ্ধের সময় এই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান, কনস্টেবল জাভিদ হাসান ও তোফাজ্জেল হোসেন সামান্য আহত হন।