সুন্দরবনে বছরে ১১ হাজার হরিণ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে বছরে ১১ হাজার হরিণ নিধন
সুন্দরবনে বছরে ১১ হাজার হরিণ নিধন

‘ছয় শ টাহা কিজি, যে জায়গাই পৌছি দিতে কবেন, সেই জায়গায় দেব। ঢাকায় দিলি দাম বেশি পড়বে।’ বাগেরহাটের মংলা বাজারের কাছে এক চোরা হরিণ শিকারির কাছে জানতে চেয়েছিলাম এক কেজি হরিণের মাংসের দাম কত? নাম প্রকাশে অনিচ্ছুক লোকটি দরদামের বয়ান দিলেন এভাবেই।
রাজধানীর চিড়িয়াখানায় যে মায়াবী চিত্রাহরিণ দেখে শিশুরা মুগ্ধ হয়, পাশে দাঁড়িয়ে ছবি তোলে—সুন্দরবনে চলছে সেই হরিণের হত্যাযজ্ঞ। মাংসের লোভে প্রতিবছর শত শত হরিণ মারছে চোরা শিকারিরা। তবে ‘রাশমেলা’ নামে সুন্দরবনের ভেতরে যে উত্সব হয়, সেখানে হরিণ শিকার হয় প্রকাশ্যে। রীতিমতো উত্সব করে। অভিযোগ আছে, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করেই বনে হরিণ শিকারসহ সব অপরাধ হয়।
বছরে কত হরিণ মারা হয়? এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা। তাদের জরিপে করেছে বছরে ১১ হাজারের বেশি হরিণ নিধন হচ্ছে। ২০১১ সালে সংস্থাটি সুন্দরবনের চারটি রেঞ্জে হরিণ শিকার নিয়ে জরিপ চালায়। জরিপের সময় সংস্থাটি বছরে ১১ হাজার ১৯৫টি হরিণ শিকারের তথ্য পায়। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও লন্ডনের জিওলজিক্যাল সোসাইটি এ জরিপে সহায়তা করে। জরিপটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বলে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।
বন বিভাগের দুজন পদস্থ কর্মকর্তাও হরিণ শিকারের এ পরিসংখ্যান ‘প্রায় সঠিক’ বলে প্রথম আলোর কাছে অভিমত দিয়েছেন। কিন্তু তাঁরা নিজেরা শিকারের কোনো তথ্য দিতে পারেনি। তবে সুন্দরবন অঞ্চলে বন বিভাগের দুটি শাখা ও কোস্টগার্ড যে হিসাব দিয়েছে, তাতে বছরের গড়ে ১০০ হরিণের মাংস, মাথা বা চামড়া উদ্ধার করা হয় চোরা শিকারিদের হাত থেকে। কিছু শিকারিও গ্রেপ্তার হন।

তত্কালীন ওয়াইল্ড লাইফ ট্রাস্টের সমন্বয়কারী রেজভীন আক্তার প্রথম আলোকে বলেন, সুন্দরবনের চারটি রেঞ্জে হরিণ শিকার নিয়ে তাঁরা জরিপ করেছেন। ওই সময় সুন্দরবন এলাকার ৮০০ পরিবারের সাক্ষাত্কার নেওয়া হয়েছিল। এদের ৪০০ পরিবার জানিয়েছেন তারা প্রতিবছরই হরিণে মাংস খান।
তবে বন বিভাগের কর্তাব্যক্তিরা এ তথ্য মানতে নারাজ। বন বিভাগের বন্য প্রাণী এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের সংরক্ষক ড. তপন কুমার দে হরিণ শিকার নিয়ে করা ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের করা গবেষণাটিকে ভিত্তিহীন এবং বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, সুন্দরবনের আশপাশের গ্রামগুলোতে গিয়ে তারা কী পরিমাণে হরিণের মাংস খায় সেই হিসাব দিয়ে তাঁরা হরিণ শিকারের তথ্য তুলে ধরেছেন। কিন্তু হরিণ শিকারের বাস্তব প্রমাণ পাওয়া কঠিন।
বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবনের (বাংলাদেশ অংশে) আয়তন প্রায় ছয় হাজার বর্গকিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী এলাকাজুড়ে এর অবস্থান।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য নিরাপত্তা’ প্রকল্পের একটি প্রকাশনায় বলা হয়েছে, সুন্দরবনে প্রায় আড়াই লাখ বিভিন্ন প্রজাতির প্রাণী আছে। এর মধ্যে হরিণই আছে দেড় লাখের মতো। সবই সুন্দর চোখের অধিকারী চিত্রা হরিণ। আর এই হরিণ শিকারকে কেন্দ্র করেই সুন্দরবনের চারদিকে গড়ে উঠেছে সংঘবদ্ধ চক্র।

সুন্দরবন দেখভালের জন্য বন অধিদপ্তরের দুটি বিভাগ রয়েছে। একটি খুলনা ও সাতক্ষীরা নিয়ে (সুন্দরবন পশ্চিম), অন্যটি খুলনার অংশ ও বাগেরহাট নিয়ে (সুন্দরবন পূর্ব বিভাগ)। দুই বিভাগের অধীনে আছে চারটি বন অঞ্চল, এতে এক হাজার ১৬৭ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন।

বনজীবীদের কাছে জানা গেছে, চোরা শিকারিরা জেলে বা বাওয়ালি সেজে ছোট নৌকা নিয়ে দু-তিনজনের ছোট দলে বনের গহিনে প্রবেশ করে। বেশির ভাগ ক্ষেত্রেই তারা ফাঁদ, বিষ, টোপ এমনকি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হরিণ শিকার করে। মারার পর বনের ভেতরেই ছিলে কেটে চক্রের এজেন্টদের মাধ্যমে ৪০০-৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে। পরে শিকার করা হরিণ কৌশলে আশপাশের লোকালয়ে আনা হয়। এবং দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়।

সবচেয়ে বেশি হরিণ শিকার করা হয় রাশমেলাকে কেন্দ্র করে। এ সময় তীর্থযাত্রীর ছদ্মবেশে হরিণ শিকারিরা বিপুল পরিমাণে হরিণ শিকার করে। বনজীবীরা জানান, শ্যামনগর উপকূল ছাড়া কয়রা ও পাইকগাছা বনাঞ্চল দিয়ে শিকারিরা প্রতিনিয়ত বন বিভাগের সহায়তায় হরিণ শিকার করে তার মাংস চামড়া দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে।

সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, মোরেলগঞ্জের জিউধরা, গুলিশাখালী, সন্ন্যাসী, শরণখোলার ধানসাগর, তাফালবাড়ী, চালিতাবুনিয়া, বগি, মংলার জয়মনি, চিলা, বাঁশতলা বৈদ্যমারী, কাটাখালী, দাকোপের ঢাংমারী ও খাজুরা সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোতে প্রকাশ্যে হরিণের মাংস বিক্রি হয়। এসব স্থানে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে মাংস কেনেন স্থানীয় লোকজন। তবে এলাকার বাইরের লোকজন কিনতে গেলে দাম একটু বেশি পড়ে।

বন বিভাগ ও কোস্টগার্ডের দেওয়া তথ্যে দেখা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে দুটি সংস্থা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় এক টন হরিণের মাংস, ১৫টি মাথা ও ২০টি চামড়া উদ্ধার করে। এ সময়ে ২০টি মামলা হয়। এর আগের বছরেও প্রায় একই সংখ্যক মাংস-মাথা আটক করা হয়। বন বিভাগের দায়ের করার এসব মামলা পরিচালনার জন্য সুন্দরবন এলাকায় আটটি বন আদালত আছে। তবে এসব আদালত থেকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়েছে এমন নজির নেই।

খুলনা রেঞ্জ পুলিশের সূত্র জানায়, হরিণ শিকারের জন্য সুন্দরবন অঞ্চলের ৫০টির মতো ছোট-বড় চক্র আছে। স্থানীয় প্রশাসনের কাছে তার তালিকাও আছে। চলতি বছর গত ১৭ আগস্ট বাগেরহাটের শরণখোলা থেকে বনরক্ষীরা হরিণের চামড়া ও মাথা উদ্ধার করে। কিন্তু চোরা শিকারিরা মাংস নিয়ে পালিয়ে যায়। ১২ আগস্ট হরিণের চামড়া ও মাংসসহ ১৩ শিকারিকে গ্রেপ্তার করে বন বিভাগ। ৮ আগস্ট শরণখোলা থেকে ৩০ কেজি হরিণের মাংস ও তিনটি চামড়া উদ্ধার করা হয়। গত ৭ এপ্রিল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মুছাক সরদারের ছেলে আবুল কাশেম নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে অবৈধ ভাবে হরিণ শিকার করে মাংস বিক্রি করছিল। বুড়ি গোয়ালিনী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এনামুল পাঁচ কেজি মাংসসহ কাশেমকে আটক করে। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর চামড়া ও শিং উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত কাশেমকে কারাদণ্ড দেয়।

জেলা পুলিশ জানায়, কাশেম ওই এলাকার চিহ্নিত হরিণ শিকারি। তার মতো একই এলাকার শহিদুল ও আমিনুর হরিণ শিকারি চক্রের হোতা। আমিনুর একাধিক হরিণ শিকার মামলায় পলাতক আসামি। এ ঘটনার এক দিন পর ৬ এপ্রিল শরণখোলার চণ্ডীপুর গ্রামের আজিজ গাজী রান্না করা হরিণের মাংস, কাঁচা মাংস, চামড়া ও শিংসহ ধরা পড়ে। অথচ ২৪ ঘণ্টার মধ্যে জামিনে ছাড়া যান। আজিজ গাজী হরিণ শিকারি দলের গডফাদার হিসেবে এলাকায় পরিচিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, চোরা শিকারিরা সুন্দরবন থেকে হরিণ মারছে এটা সত্যি। কিন্তু ওই গবেষণায় যেভাবে বছরে ১১ হাজার হরিণ শিকার করার কথা বলা হয়েছে তা আমার কাছে সঠিক মনে হয় না। কেননা, বন বিভাগ এবং আমার নিজের গবেষণায় দেখা গেছে সুন্দরবনে হরিণের সংখ্যা ৭০ থেকে ৮০ হাজার। বছরে ১১ হাজার মারা গেলে এত দিনে সব হরিণ শেষ হয়ে যেত।
দুই দিনে বন বিভাগ ও সুন্দরবনসংলগ্ন বিভিন্ন লোকালয়ের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সুন্দরবন উপকূলের মিরগাং, চুনড়ড়ি, গাবুরা, গোলাখালী, নীলডুমুর এলাকায় পেশাদার হরিণ শিকারি চক্রের নেতা হলেন আনছার, জহুর ও কাদের। এ তালিকায় আরও আছেন, শরণখোলার সোনাতলা গ্রামের দুই ভাই নূর ইসলাম ঘরামি ও নুরুজ্জামান ঘরামি এবং হাবিব তালুকদার, আফজাল হাওলাদার ও ফিরোজ পেয়াদা। মংলার শাহজাহান ডাকুয়া, জাহাঙ্গীর খাঁ, রুবেল খাঁ, রামপালের বজলু শেখ ও শহিদুল ইসলাম। শরণখোলার উত্তর রাজাপুরের মনির হাওলাদার, নুরু শরীফ, রসুলপুর গ্রামের আফজাল চাপরাশি। সোনাতলা পানির ঘাট এলাকার রাজ্জাক সর্দার। এদের মধ্যে আফজাল চাপরাশি আওয়ামী লীগের দক্ষিণ শরণখোলার রাজাপুর এলাকার আওয়ামী লীগ নেতা। পুলিশের হাতে এদের নামের তালিকা আছে।

জানতে চাইলে খুলনা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহা. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সুন্দরবনের অপরাধীদের ধরার জন্য বন বিভাগের সঙ্গে পুলিশ যৌথভাবে কাজ করছে। কিছু অপরাধী ধরাও পড়েছে। কিন্তু পুরো এলাকা চষে বেড়ানোর মতো জনশক্তি ও নৌযান পুলিশের নেই।

হরিণ শিকার নিয়ে কথা বলার জন্য বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে খুলনা এলাকার বিভাগ বন (পশ্চিম) কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। খুলনায় তাঁর দপ্তর থেকে জানানো হয়, তিনি খুলনার বাইরে আছেন। বাগেরহাটে থাকা আরেক বন কর্মকর্তা (পূর্ব) আমির হোসেন চৌধুরীকে টেলিফোনে পাওয়া যায়। তিনি এসব অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এত বড় বন পাহারার দায়িত্ব শুধু বন বিভাগের হাতে ছেড়ে দিলেই হবে না। বন এলাকার মানুষেরও দায়িত্ব আছে। তাঁদের সচেতন হতে হবে। তবে চোরা শিকারিদের সঙ্গে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সখ্যের কথা স্বীকার করে তিনি বলেন, এতে এক মাসে আটজন বন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওয়াইল্ড লাইফ ট্রাস্টের সাবেক নির্বাহী পরিচালক (বর্তমানে প্রতিষ্ঠানটির নাম ওয়াইল্ড টিম) ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বনের প্রাণীরা না থাকলেও বনও থাকবে না। তখন ভয়াবহ বিপর্যয় হবে। শেষ পর্যন্ত তার খেসারত মানুষকেই দিতে হবে।