সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১০ জেলে অপহরণ
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১০ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বৈকারী এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়। সেখান থেকে ফিরে আসা এক জেলে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
অপহৃত জেলেদের মধ্যে ছয়জনের নাম ও ঠিকানা জানা গেছে। তাঁরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের শফিকুল ইসলাম (২২), পাতাখালী গ্রামের আবদুল আলীম (২৫), পার্শেবখালী গ্রামের রফিকুল ইসলাম (২৫), কেওড়াতলী গ্রামের খোকন সরদার (৪০), পদ্মপুকুর গ্রামের কাওছার আলী (৫৫) এবং জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের রেজাউল ইসলাম (৩৫)।
নাম প্রকাশ না করার শর্তে সুন্দরবন থেকে ফিরে আসা একজন জেলে বলেন, বনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে গত রোববার তিনটি নৌকায় তাঁরা ১২ জন জেলে মাছ ধরতে যান।
সুন্দরবনের দাইয়েরগাং ও বয়ারশিং খাল পেরিয়ে বুধবার তাঁরা বৈকারী খালে ঢোকেন। ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে জোনাব বাহিনীর পরিচয়ে একদল বনদস্যু তাঁদের কাছে মাথাপিছু ৩০ হাজার টাকা চায়।
টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা ১০ জনকে আটক রেখে গ্রামে গিয়ে টাকা আনার জন্য দুজনকে ছেড়ে দেয়। দস্যুরা আগামী রোববারের মধ্যে তাঁদের দাবি করা টাকা পৌঁছে দিতে বলেছে। তা না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেয় দস্যুরা।
এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শোয়াইব খান প্রথম আলোকে বলেন, জেলে অপহরণের ঘটনা তাঁর জানা নেই। এ নিয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি।