সুন্দরবনে র্যা বের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
পূর্ব সুন্দরবনে গতকাল বুধবার সকালে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সগির ভান্ডারী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামে।
র্যা বের ভাষ্যমতে, সগির বনদস্যু ‘নয়ন বাহিনীর’ প্রধান ছিলেন। তিনি র্যা বের তালিকাভুক্ত বনদস্যু।
র্যা ব-৬-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, র্যা ব শরণখোলা রেঞ্জের পানিঘাট এলাকায় ‘নয়ন বাহিনীর’ অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। র্যা ব-৬-এর একটি দল বাগেরহাটের গোয়েন্দা পুলিশের সহযোগিতায় গতকাল ভোরে ওই এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে সাতটার দিকে দস্যুরা র্যা বের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়া শুরু করে। র্যা বও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট পর দস্যুরা পিছু হটে বনের ভেতরে পালিয়ে যায়। এ সময় র্যা ব সদস্যরা বনে ঢুকে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ সগির এবং ঘটনাস্থলে ছড়িয়ে থাকা দেশি-বিদেশি সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা সগিরকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
র্যা ব-৬ সূত্রে জানা গেছে, সগির দীর্ঘদিন ধরে সুন্দরবনের কথিত বনদস্যু তসলিম বাহিনী, রেজাউল বাহিনী, জুলফিকার বাহিনীসহ বিভিন্ন দস্যু দলের সঙ্গে সম্পৃক্ত থেকে দস্যুতা করে আসছিলেন। ওসব বাহিনীর প্রধানেরা নানা সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেলে কয়েক বছর ধরে সগির ১৫ থেকে ২০ জন দস্যু নিয়ে ‘নয়ন বাহিনী’ নামের একটি দস্যু দল গঠন করেন। তাঁর নেতৃত্বে দস্যু দলটি পূর্ব সুন্দরবনে মৎস্যজীবী ও বনজীবীদের কাছ থেকে চাঁদা ও মুক্তিপণ আদায় করত। সগিরের বিরুদ্ধে বাগেরহাট ও খুলনার বিভিন্ন থানায় কয়েকটি অভিযোগ রয়েছে।
গতকাল সন্ধ্যায় জানতে চাইলে শরণখোলা থানার ওসি মো. শাহ আলম ফরাজি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল বাদী হয়ে দুটি মামলা করেছেন।