সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে দুই বনদস্যু' নিহত
সুন্দরবনে র্যাবের (র্যাব-৮) সঙ্গে বনদস্যুদের ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু মাইঝ্যা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। গতকাল রোববার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো মাইঝ্যা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলমগীর (৩৫) এবং সদস্য রিপন (৩০)। তবে এদের বাড়ি কোথায় তা র্যাব জানাতে পারেনি।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি ওয়ান শুটারগান, দুটি রাইফেল, ১০টি দেশি-বিদেশি বন্দুক এবং বিভিন্ন ধরনের ১০০টি গুলি রয়েছে।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবিবের ভাষ্য, সুন্দরবনের বনদস্যু মাইঝ্যা বাহিনীর প্রধান মাইঝ্যা তার সহযোগীদের নিয়ে সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতে র্যাব-৮-এর একটি দল সেখানে অভিযানে যায়। বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। র্যাবও এ সময় পাল্টা গুলি চালায়। ভোর ৫টা ১০ মিনিট থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা বনের গহিনে চলে গেলে র্যাবের সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে দুজনের গুলিবিদ্ধ মরদেহ, ১৩টি আগ্নেয়াস্ত্র ও ১০০টি গুলি উদ্ধার করে। পরে সুন্দরবনের জেলে ও বাওয়ালিরা এখানে এসে এই দুজনকে মাইঝ্যা বাহিনীর সদস্য বলে শনাক্ত করে।
মেজর আদনানের ভাষ্য, এই বাহিনীর প্রধান মাইঝ্যা দলের সদস্যদের নিয়ে পাঁচ মাস ধরে চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া, ফেয়ারওয়ে বয়া এবং নন্দবালা খাল এলাকায় সুন্দরবনে আসা জেলে, বাওয়ালি ও মৌয়ালদের মুক্তিপণের দাবিতে অপহরণ করে চাঁদা আদায় করে আসছিল।