সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে র‌্যাব সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মরা পশুর ক্যাম্পের পূর্ব পাশে সীমানার খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে সগির হাওলাদার (৩০) নামের একজনের পরিচয় জানা গেছে। র‌্যাবের দাবি, সগির বনদস্যু ‘দারোগা বাহিনীর’ দ্বিতীয় প্রধান। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহত অপর ব্যক্তির (২৮) পরিচয়ও জানা যায়নি।
অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির মুঠোফোনে জানান, সীমানার খালে দারোগা বাহিনীর সদস্যরা আস্তানা গেড়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে র‌্যাবের একটি দল ওই এলাকায় যায়। ভোর সাড়ে ছয়টার দিকে ওই খালসংলগ্ন বনে দস্যুদলের অবস্থান শনাক্ত করলে দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়া শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধের পর দস্যুরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি করে দুটি মৃতদেহ এবং ১২টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেন। এ সময় স্থানীয় জেলেরা নিহত সগিরকে দারোগা বাহিনীর দ্বিতীয় প্রধান বলে শনাক্ত করেন।
র‌্যাব জানায়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি ৯ মিলিমিটার পিস্তল, সাতটি একনলা বন্দুক ও চারটি শুটারগান ও বিভিন্ন ধরনের ১৭৭টি তাজা গুলি। মংলা থানার এসআই মানজুর এলাহী জানান, বিকেল চারটার দিকে র‌্যাব লাশ দুটি থানায় হস্তান্তর করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।