সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের খোন্তামারি খালে আজ সোমবার ভোরে র্যাব-৬ ও বনদস্যুদের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তিনজন বনদস্যু নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত ব্যক্তিদের একজন বনদস্যু রানা বাহিনীর প্রধান এবং বাকি দুজন এই বাহিনীর সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে র্যাব চারটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি তাজা গুলি ও একটি ট্রলার উদ্ধার করে।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকারের ভাষ্য, বনজীবী ও জেলেদের নিরাপত্তা এবং দস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে র্যাবের নিয়মিত টহল দল পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের খোন্তামারি খাল এলাকায় আজ সকাল আটটার দিকে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় এখানে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু রানা বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। আধা ঘণ্টা ধরে চলা এ বন্দুকযুদ্ধে উভয় পক্ষের মধ্যে শতাধিক গুলি বিনিময় হয়। এ সময় বনদস্যু বাহিনীর প্রধান পান্না ওরফে রানা (২৮), কামরুজ্জামান (৩৯) ও জুলহাস (৩২) গুলিবিদ্ধ হন। বেলা পৌনে ১১টার দিকে গুলিবিদ্ধ ব্যক্তিদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফিউল হাসান তাদের মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে।
এই র্যাব কর্মকর্তা বলেন, ‘বন্দুকযুদ্ধে’ র্যাব সদস্য আসিফ ইকবাল (৩০) ও আব্রাহাম লিংকন (৩২) আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা চারটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ট্রলার মোংলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মোংলা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তুহিন মণ্ডল।