সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ বনদস্যু নিহত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে আজ মঙ্গলবার সকালে র্যাব-৮ ও দস্যুদের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় দস্যুদলের প্রধানসহ দুই বনদস্যু নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহত দুই বনদস্যু খালেক বাহিনীর প্রধান ও সদস্য ছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) উপ-অধিনায়ক মেজর সজীবুল ইসলাম জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে আজ সকালে অভিযানকারীরা বনের জোংড়া খালে ঢোকে। খালের মধ্যে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু খালেক বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। আধা ঘণ্টা ধরে চলা এ বন্দুকযুদ্ধে উভয়ের মধ্যে শতাধিক গুলিবিনিময় হয়। এ সময় বাহিনীপ্রধান খালেক ও সদস্য বিল্লাল নিহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই দস্যুর বাড়ি খুলনার দাকোপ উপজেলায়।
মেজর সজীবুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের মরদেহ দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একের পর এক বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন বনদস্যু নিহত হয়েছে। আজ দুজন ছাড়াও এর আগে গত ২৯ মে ৪ জন, ৬ মে ৩ জন এবং ২৫ ফেব্রুয়ারি ৪ জন বনদস্যু র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।