সুন্দরবনে গতকাল রোববার সকালে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে র্যাব।
নিহত ব্যক্তির নাম মশিউর রহমান (৩৮)। র্যাব বলছে, তিনি বনদস্যু মজনু বাহিনীর উপপ্রধান ছিলেন।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খালে বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে তাঁদের একটি টহল দল গতকাল সকাল আটটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় দস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের সময় শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ওই এলাকায় র্যাবের সদস্যরা তল্লাশি চালিয়ে বনের এক দস্যুর মৃতদেহ পান।
স্থানীয় জেলেরা সেটি বনদস্যু মজনু বাহিনীর উপপ্রধান মশিউর রহমানের বলে শনাক্ত করেন। তাঁর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পুরো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
র্যাব বলেছে, ঘটনাস্থল থেকে তারা দুটি দোনলা বন্দুক, তিনটি কাটাবন্দুক, দুটি একনলা বন্দুক, তিনটি এলজি ও একটি এয়ার রাইফেল এবং ৪৫০টি তাজা গুলিসহ অস্ত্রশস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্র ও মশিউরের লাশ গতকাল দুপুরে মংলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, এ ঘটনায় মংলা থানায় অস্ত্র আইন ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দুটি মামলা হয়েছে। মশিউরের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল রোববার বিকেলে বাগেরহাটে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।