সুন্দরবনে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খলিলুর রহমান মাঝি (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। খলিল বনদস্যু মনির বাহিনীর দ্বিতীয় প্রধান বলে জানিয়েছে র‍্যাব। তবে খলিলের পরিবার বলছে, তিনি বনদস্যু ছিলেন না। মাস খানেক আগে পূর্বপরিচিত কয়েকজন তাঁকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

র‍্যাব-৮-এর ভাষ্য অনুযায়ী, গতকাল সোমবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দরজার খাল এলাকায় মনির বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় খলিল নিহত হন। ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

খলিল বরগুনার পাথরঘাটা উপজেলার হাড়িকানা গ্রামের আয়নাল হক মাঝির ছেলে।

র‍্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলমের ভাষ্যমতে, দরজার খাল এলাকায় মনির বাহিনীর সদস্যরা অবস্থান করছে—এমন খবর পেয়ে র‍্যাবের একটি দল ভোরে ওই এলাকায় অভিযান চালায়। সাড়ে পাঁচটার দিকে র‍্যাবের সদস্যরা দরজার খালে প্রবেশ করলে বনদস্যুরা তাঁদের ওপর গুলি ছোড়া শুরু করে। র‍্যাবের সদস্যরাও পাল্টা গুলি চালান। আধা ঘণ্টা উভয় পক্ষে গুলিবিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে বনে পালিয়ে যায়। পরে র‍্যাবের সদস্যরা ওই এলাকায় বনদস্যুদের আস্তানা, গুলিবিদ্ধ একজনের লাশ ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্য মালামাল উদ্ধার করেন। এরপর স্থানীয় জেলেরা লাশটি মনির বাহিনীর দ্বিতীয় প্রধান খলিলের বলে শনাক্ত করেন।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে চারটি একনলা বন্দুক, ১৫টি গুলিসহ একটি দোনলা বন্দুক, তিনটি কাটা রাইফেল, তিনটি এলজি, একটি এয়ারগান, ১০০টি গুলি, ৩০টি গুলির খোসা, ছয়টি ধারালো অস্ত্র, সিমকার্ডসহ দুটি মুঠোফোন, মুক্তিপণ ও চাঁদা আদায়ের বেশ কিছু টোকেন এবং দস্যুদের ঘাঁটিতে ব্যবহার্য বিভিন্ন সরঞ্জাম।

নিহত খলিলের স্ত্রী নূপুর বেগম প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী বনদস্যু ছিলেন না। তিনি সাগরে ইলিশ মাছ ধরার ট্রলারে কাজ করতেন। গত ২৫ জুলাই বাদশা, লাভলু মীর, রফিকুলসহ খলিলের পরিচিত কয়েকজন তাঁকে দাওয়াত খেতে বাড়ি থেকে ডেকে নেন। এরপর খলিল আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় তিনি গত ২ আগস্ট পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

র‍্যাব জানিয়েছে, খলিল সুন্দরবনের বনদস্যু জিহাদ বাহিনীর সদস্য ছিলেন। দুই বছর আগে এই বাহিনীর প্রধান জিহাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হলে জিহাদের স্ত্রী নূপুর বেগমকে খলিল বিয়ে করেন। তখন থেকে জিহাদের সহযোগী মনির ও খলিলের নেতৃত্বে ওই বাহিনীর একটি অংশ মনির বাহিনী নামে নতুন দল গড়ে তোলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল কবির বলেন, গতকাল বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে খলিলের লাশ তাঁর বাবা ও স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে দুপুরে র‍্যাবের সদস্যরা খলিলের লাশ ও আগ্নেয়াস্ত্র থানায় হস্তান্তর করেন। বন্দুকযুদ্ধের ঘটনায় র‍্যাব-৮-এর উপসহকারী পরিচালক কামরুল ইসলাম খলিলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান এবং হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছেন।