সুন্দরবনে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বন্দুকযুদ্ধে সাগর-সৈকত বাহিনীর প্রধান আক্কাস (২৫) নিহত হয়েছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আক্কাস ওই এলাকায় রহিম ওরফে ‘জামাই’ নামেও পরিচিত ছিল।

র‍্যাবের ভাষ্য, আজ বুধবার ভোরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমগাছিয়া খালে র‍্যাব-৮ এর একটি টহল দলের সঙ্গে সাগর-সৈকত বাহিনীর এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৫টি আগ্নেয়াস্ত্র, গুলি ও মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে ৫টি কাটা রাইফেল, ৩টি একনলা বন্দুক, ২টি দোনলা বন্দুক, ৪টি ওয়ান শ্যুটার, ১টি এয়ারগান, দশমিক ২২ বোরের ৪১টি গুলি, বন্দুকের ১০টি গুলি, ৩১টি বন্দুকের গুলির খোসা, এয়ারগানের ৪৭টি গুলি, ৭টি ধারালো অস্ত্র, ৩টি গুলি রাখার তোসদানি, তিনটি সিমকার্ডসহ একটি মুঠোফোন ও চাঁদা আদায়ের টোকেন।

র‍্যাবের দেওয়া তথ্যে নিহতের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বলা হলেও তাঁর পরিচয় পাওয়া যায়নি। তবে ওই অঞ্চলের জেলেরা তাকে আক্কাস বলে শনাক্ত করেছেন। নিহতের লাশ ও উদ্ধারকৃত মালামাল বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করবে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‍্যাব-৮ এর একটি দল আজ বুধবার ভোর রাত ৩টার দিকে সুন্দরবনের দুবলা চরে অবস্থিত ক্যাম্পে যাচ্ছিল। পথে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু হয়। এতে র‍্যাবও পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে কিছু সময় বন্দুকযুদ্ধ হয়।। ঘণ্টা খানেক পর হামলাকারীরা পিছু হটে গেলে ঘটনাস্থলে একজনের লাশ এবং বেশকিছু অস্ত্র ও গুলি পাওয়া যায়।।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘সুন্দরবনে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন বনদস্যু নিহত হয়েছেন। তবে শরণখোলা থানায় এখনো র‍্যাবের সদস্যরা এসে পৌঁছাননি।’