সুন্দরবনে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খালে আজ রোববার সকালে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মশিউর রহমান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাব বলছে, মশিউর বনদস্যু মজনু বাহিনীর উপপ্রধান ছিলেন। ঘটনাস্থল থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, গোপন খবরের ভিত্তিতে তাদের টহলদল সকাল আটটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা র‍্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধঘণ্টা ধরে ‘বন্দুকযুদ্ধ’ চলে। দুই পক্ষের মধ্যে শতাধিক গুলি বিনিময় হয়। বন্দুকযুদ্ধ শেষে ওই এলাকায় র‍্যাব সদস্যরা তল্লাশি চালায়।

র‍্যাবের দাবি, তারা বনের মধ্যে এক বনদস্যুর মৃতদেহ পড়ে থাকতে দেখে। স্থানীয় জেলেরা মৃতদেহটি বনদস্যু মজনু বাহিনীর উপ–প্রধান মশিউর রহমানের বলে শনাক্ত করে। প্রাথমিকভাবে জেলেদের মাধ্যমে জানা যায়, নিহত মশিউরের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। তবে তাঁর পারিবারিক পরিচয় নিশ্চিত করতে পারেনি র‍্যাব।

ঘটনাস্থল থেকে দুটি দোনলা বন্দুক, তিনটি কাটা বন্দুক, দুটি একনলা বন্দুক, তিনটি এলজি, একটি এয়ার রাইফেল, ৪৫০ রাউন্ড তাজা গুলি, ধারাল অস্ত্র, মোবাইল ফোন, সিমকার্ড, টোকেনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে র‍্যাব।

অস্ত্র ও নিহতের লাশ মংলা থানা-পুলিশে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।