সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহত দুজন বনদস্যু আব্বাস বাহিনীর সদস্য।
আজ বুধবার সকালে সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় কথিত এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
র্যাব-৮-এর ভাষ্য মতে, নিহত দুজন হলেন আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ ফকির ও সদস্য রুহুল আমিন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাব-৮-এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব প্রথম আলোকে বলেন, গত প্রায় পনেরো দিন ধরে সুন্দরবন ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় দলছুট কিছু জলদস্যু ও বনদস্যু বাহিনীর সদস্যরা সংগঠিত হয়ে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। র্যাব তাদের ধরতে অভিযান অব্যাহত রাখে। আজ সকাল পৌনে ৮টার দিকে শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদের কাতলার খাল এলাকায় ৮-১০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র্যাব অভিযানে যায়। এ সময় দস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি চালায়। সকাল পৌনে ৮টা থেকে প্রায় সাড়ে ৮টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলার একপর্যায়ে বনদস্যুরা বনের ভেতরে পালিয়ে যায়।
পরে র্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে দুজনের গুলিবিদ্ধ মরদেহ এবং দেশি বিদেশি সাতটি অস্ত্র ও ১২৪টি গুলি উদ্ধার করে। গোলাগুলি থেমে গেলে আশপাশের খালে মাছ ধরা জেলেরা এসে নিহত দুজনকে বনদস্যু আব্বাস বাহিনীর সদস্য বলে শনাক্ত করেন।