সুন্দরবনে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন দস্যু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জে আমবাড়িয়া খাল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‌্যাবের ভাষ্য, নিহত ব্যক্তি সুন্দরবনের কথিত দস্যু বাহিনীর সদস্য ছিলেন। তাঁর বয়স আনুমানিক ২৬ বছর। তবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র‌্যাব।
র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‌্যাবের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। আজ ভোর ছয়টার দিকে বনের আমবাড়িয়া খাল এলাকায় টহল দেওয়ার সময় র‌্যাবের একটি দল পাঁচ-ছয়জন জেলেকে দাঁড়াতে বলে। কিন্তু তাঁরা সেই নির্দেশ না মেনে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ২০-২৫ মিনিট গুলি বিনিময়ের পর ওই জেলেরা বনের ভেতরে পালিয়ে যান। পরে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।
এ সময় সেখান থেকে দেশে তৈরি তিনটি বন্দুক, দুটি রামদা ও ৩১টি গুলি উদ্ধার করা হয়।

মেজর খান সজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি বনদস্যু দলের সদস্য। তবে কোন দস্যু দলের সদস্য, তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।

উদ্ধার করা অস্ত্র ও গুলি এবং নিহত ব্যক্তির মরদেহ আজ দুপুরে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. নূরুদ্দিন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।