সুন্দরবনে সন্দেহভাজন জলদস্যু আটক বিপুল অস্ত্র উদ্ধার
খুলনার সুন্দরবনের পশ্চিম অঞ্চলের কয়রা উপজেলার বাদুরঝুলি খাল এলাকায় অভিযান চালিয়ে জলদস্যু সন্দেহে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত সোমবার দুপুরে র্যাবের সঙ্গে জলদস্যুদের ‘বন্দুকযুদ্ধে’র সময় শাহীনুর সরদারকে (৩৪) আটক করা হয়। গতকাল মঙ্গলবার খুলনা র্যাব-৬-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, শাহীনুর সুন্দরবনের জলদস্যু ইলিয়াস বাহিনীর সদস্য।
সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বলেন, তাঁরা সোমবার জানতে পারেন, বাদুরঝুলি খাল এলাকায় জলদস্যুরা অবস্থান করছে। ওই দিন দুপুরে অভিযান চালানো হলে ইলিয়াস বাহিনীর সদস্যদের সঙ্গে র্যাবের প্রায় ১০ মিনিট বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে জলদস্যুরা গভীর জঙ্গলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে শাহীনুরকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরবনের গহিন জঙ্গলে মাটির নিচে লুকিয়ে রাখা ২৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৫৩১টি গুলি উদ্ধার করা হয়।