সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরে আগামী শনিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাস উৎসব। শত বছরের ঐতিহ্যবাহী এই উৎসব ঘিরে সুন্দরবন উপকূলজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। তীর্থযাত্রী ও দর্শনার্থীর ছদ্মবেশে হরিণ শিকার বন্ধে বন বিভাগ এবারও নিরাপত্তা জোরদার করছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, রাস পূর্ণিমায় তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য বন বিভাগ আটটি নৌপথ নির্ধারণ করেছে। দর্শনার্থী ও তীর্থযাত্রীরা ১২ থেকে ১৪ নভেম্বর তিন দিনের জন্য অনুমতি পাবেন এবং বনে প্রবেশের সময় প্রবেশপথে পুণ্যার্থীদের তিন দিনের জন্য জনপ্রতি ৫০ টাকা ও পর্যটকদের ৭০ টাকা এবং প্রতি ট্রলারের জন্য ১ হাজার ৫০০ টাকা ভাড়া দিতে হবে। মেলায় প্রবেশকারী ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে বন বিভাগের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে। পরিবেশ দূষণ করে এমন বস্তু, মাইক বাজানো, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেলাকে কেন্দ্র করে কেউ যাতে বন থেকে হরিণ শিকার করতে না পারে, সে জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে সুন্দরবনের ১৬টি জায়গায় বন বিভাগের বিশেষ দল কাজ শুরু করবে। বন বিভাগ ও পুলিশের সমন্বয়ে চারটি টহল দল শনিবার থেকে পশুর, শ্যালা, ভোলা ও শিবসা নদ-নদীতে পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য কাজ করবে। দুবলার চরে মেলার তিন দিন বন বিভাগের আরও তিনটি টহল দল সার্বক্ষণিক নিরাপত্তার কাজ করবে।
মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান ও দুবলা ফিসারমেন গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়া উদ্দিন বলেন, উৎসবের সময় কুটির শিল্প মেলার আয়োজন করা হবে। এ ছাড়া থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আবহাওয়া ভালো থাকলে উৎসবে ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রায় দুই লাখের বেশি তীর্থযাত্রী ও পর্যটকের আগমন ঘটবে।