সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে ২ বনদস্যু' নিহত
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খালে গতকাল সোমবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত হয়েছেন।
র্যাব জানিয়েছে, নিহত ব্যক্তিরা হলেন বনদস্যু আকাশ বাবু বাহিনী প্রধান আবুল কাশেম বিল্লাল ওরফে আকাশ (৪০) ও উপপ্রধান ফরিদ শেখ ওরফে মাইজ্যা (৪৫)।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবিরের ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা সূত্রে র্যাব জানতে পারে বনদস্যু আকাশ বাবু বাহিনীর সদস্যরা তাম্বুলবুনিয়া খালে অবস্থান করছে। সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সকাল সাতটার দিকে বনদস্যুরা বনের ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের পর র্যাব ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় বনের মধ্যে দুজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় জেলেরা লাশ দুটি বনদস্যু আকাশ ও ফরিদ শেখ বলে শনাক্ত করেন।
ঘটনাস্থল থেকে চারটি এলজি গান, পাঁচটি কাটা বন্দুক, ছয়টি একনলা বন্দুক ও দুটি এয়ার রাইফেল এবং ৫৪০টি তাজা গুলি, ধারালো অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
মংলা থানার ভারপ্রাপ্ত ওসি লুৎফুর রহমান বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল রাত পর্যন্ত নিহত ব্যক্তির পরিবারের কেউ মরদেহ নিতে আসেননি। আকাশের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
প্রাথমিকভাবে জেলেরা জানান, নিহত আকাশের বাড়ি বাগেরহাটের শরণখোলা এলাকায় ও ফরিদ শেখের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়।