সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে গতকাল বৃহস্পতিবার ভোরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও কোস্টগার্ডের যৌথ অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ চারজন সন্দেহভাজন বনদস্যু নিহত হয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের চান্দেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাবের দাবি, নিহত ব্যক্তিরা হলেন বনদস্যু ‘নয়ন বাহিনীর’ প্রধান মনির (৩৫), বাহিনীর তিন সদস্য এনাম (৩২), হাসান (২২) ও গিয়াস (৩৫)। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে ১৮টি আগ্নেয়াস্ত্র, কয়েক শ গুলি ও সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বলেন, কয়েক দিন আগে বরগুনা জেলার পাথরঘাটা এলাকার ১৯ জেলেকে বনদস্যুরা মুক্তিপণের দাবিতে অপহরণ করেছিল। জেলেদের উদ্ধারে অভিযান শুরু করার পর জানা যায়, বনদস্যু ‘নয়ন বাহিনী’ ওই জেলেদের অপহরণ করেছে। ওই বাহিনীর সদস্যরা সুন্দরবনের চান্দেশ্বর এলাকায় অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে র‌্যাব ও কোস্টগার্ড নৌযানে করে চান্দেশ্বর এলাকায় গতকাল ভোরে অভিযান চালায়। র‌্যাব ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সেখানে লুকিয়ে থাকা বনদস্যুরা গুলি ছোড়ে। র‌্যাব ও কোস্টগার্ডের সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় প্রায় ৪০ মিনিট ধরে গুলি বিনিময় হয়। একপর্যায়ে দস্যুরা পিছু হটে বনের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় জেলেরা নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছেন এবং তাঁদের ‘নয়ন বাহিনী’র সদস্য বলে শনাক্ত করেছেন। তবে অপহৃত জেলেদের কোনো হদিস পাওয়া যায়নি।

এই যৌথ অভিযানে র‌্যাব-৮, কোস্টগার্ড দক্ষিণ জোন ও কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা অংশ নেন। ঘটনাস্থল থেকে দুটি দোনলা ও চারটি একনলা বন্দুক, চারটি কাটারাইফেল, দুটি এয়ারগান, ছয়টি ওয়ান শুটার গান, ৪১টি বন্দুকের তাজা গুলি ও ৩৮টি খালি খোসা, ৪০৬টি এয়ারগানের গুলি, ১৩৫টি দশমিক ২২ বোর রাইফেলের গুলি, সাতটি ধারালো অস্ত্র, তিনটি মুঠোফোন, দুটি ভারতীয় এবং বিকাশ নম্বরসহ পাঁচটি দেশীয় সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

লে. কর্নেল ফরিদুল আলম বলেন, নয়ন বাহিনীর সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জন। বন্দুকযুদ্ধের সময় বনের ভেতর প্রায় ২০ জন সদস্য উপস্থিত ছিল। অপহৃত জেলেদের কোথায় রাখা হয়েছে অথবা আর কারা অপহরণ করতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় লোকজন বলেন, নয়ন বাহিনী ছয় থেকে সাত বছর ধরে সুন্দরবনে জেলে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছে। গত ডিসেম্বরে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় র‌্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নয়ন বাহিনী প্রধান ছগির ভান্ডারী নিহত হয়েছিলেন। এরপর মনির ওই বাহিনীর প্রধান হন।

নিহত ব্যক্তিদের লাশ শরণখোলা থানায় নেওয়া হয়েছে। আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তাঁদের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।