সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের উরুবাড়িয়ার খাল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন দুই বনদস্যু নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ছয়টার দিকে র্যাব-৮ এর নিয়মিত টহলের সময় এই ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত একজন ‘বনদস্যু মনির’ বাহিনীর প্রধান মনির (৩৫) ও অপরজন নুর মোহাম্মদ ওরফে ভোলা (৪০)।
র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলমের ভাষ্য, বনজীবী-জেলেদের নিরাপত্তা ও দস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে উরুবাড়িয়ার খালে আজ ভোরে র্যাব সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু মনির বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এ ‘বন্দুকযুদ্ধ’ শেষে তল্লাশি চালিয়ে বনের ভেতর থেকে দুই দস্যুর লাশ উদ্ধার করে র্যাব।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে ১৮টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি মংলা থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।