সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
খুলনার কয়রা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বনদস্যু বাহিনীর প্রধান ছিলেন বলে দাবি পুলিশের।
গতকাল রোববার রাতে উপজেলার অন্তর্ভুক্ত সুন্দরবনের ঝপঝপিয়ার চর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্য, এ ঘটনায় তাদের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র ও ১৪১টি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম আল-আমিন ওরফে আল-আমিন সানা। তাঁর নিজের নামে গঠিত বাহিনী সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে যুক্ত। তাঁর বাবার নাম শহীদ সানা। বাড়ি কয়রায়।
খুলনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, আল-আমিনের নামে কয়রা থানায় হত্যা, অপহরণ, ডাকাতি ও অস্ত্র আইনে কমপক্ষে পাঁচটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।
ওসির ভাষ্য, সকাল সাড়ে সাতটার দিকে কয়রা থেকে আল-আমিনকে গ্রেপ্তার করে ডিবি। সারা দিন তাঁকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। রাত সাড়ে আটটার দিকে তাঁকে সঙ্গে নিয়ে সুন্দরবনের ভেতরে ঝপঝপিয়ার চর এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখানে আল-আমিনের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। রাত সাড়ে নয়টা থেকে শুরু হয়ে আধঘণ্টারও বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে আল-আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মৃত ঘোষণা করেন।