সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। 

র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি জলদস্যু মনির বাহিনীর দ্বিতীয় প্রধান। আজ সোমবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দরজার খাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য মতে, নিহত ব্যক্তির নাম খলিল হাওলাদার ওরফে খলিল মাঝি (৩০)। তাঁর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

র‍্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলমের ভাষ্য, বনজীবী ও জেলেদের নিরাপত্তা এবং দস্যু দমনে ওই এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল র‍্যাব। এ সময় র‍্যাবকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে আধঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। স্থানীয় জেলেরা লাশটি শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র, ছয়টি ধারালো অস্ত্র, শতাধিক গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, নিহত খলিলের বিরুদ্ধে বাগেরহাটের শরণখোলা এবং বরগুনার পাথরঘাটা থানায় দস্যুতা ও ডাকাতির বেশ কয়েকটি মামলা আছে। তাঁর লাশ ও উদ্ধার হওয়া অস্ত্র শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বরগুনা এবং বাগেরহাট, মংলা ও পাথরঘাটা প্রতিনিধি)