সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
আজ পূর্ব সুন্দরবন এলাকায় র্যাব-৬ ও বাগেরহাট পুলিশের গোয়েন্দা শাখার একটি যৌথ দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সগির ভান্ডারী (৩৫) নামের একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত সগির ভান্ডারী বনদস্যু নয়ন বাহিনীর প্রধান। সকালে গুলিবিদ্ধ অবস্থায় সগিরকে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
র্যাব সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরণখোলা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
নিহত ব্যক্তির পরিচয়ের সত্যতা নিশ্চিত করে র্যাব বলেছে, সগির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের আনোয়ার হোসেন ভান্ডারীর ছেলে ও র্যাবের তালিকাভুক্ত বনদস্যু। দীর্ঘদিন ধরে সুন্দরবনের কথিত বনদস্যু তসলিম বাহিনী, রেজাউল বাহিনী, জুলফিকার বাহিনীসহ বিভিন্ন দস্যুদলের সঙ্গে সম্পৃক্ততা ছিল সগিরের। কয়েক বছর ধরে সগির নিজেই নয়ন বাহিনী নামে একটি দস্যুদল গঠন করে তৎপরতা চালাচ্ছিলেন। দলটি সুন্দরবনে মত্স্যজীবী ও বনজীবীদের কাছ থেকে চাঁদা ও মুক্তিপণ আদায় করছে। সগিরের বিরুদ্ধে বাগেরহাট ও খুলনার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।
র্যাব-৬-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের পানিঘাট এলাকায় নয়ন বাহিনীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র্যাব। র্যাব-৬-এর লে. কমান্ডার মাহফুজ ও সহকারী পুলিশ সুপার রাজ্জাকের নেতৃত্বে একটি দল বাগেরহাট গোয়েন্দা পুলিশের সহযোগিতায় বুধবার ভোররাতে ওই এলাকায় অবস্থান নেয়। আজ বুধবার ভোরে র্যাবের সঙ্গে দস্যুদের ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। প্রায় ১৫ মিনিট ‘বন্দুকযুদ্ধের’ পর দস্যুরা পিছু হটে বনের ভেতরে পালিয়ে যায়। এ সময় র্যাব সদস্যরা বনে ঢুকে তল্লাশি করে গুলিবিদ্ধ সগির এবং ঘটনাস্থলে ছড়িয়ে থাকা দেশি-বিদেশি সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। সগিরকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সহাদেব অধিকারী বলেন, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে র্যাব সদস্যরা মৃত অবস্থায় সগির নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তাঁর বুকের মাঝামাঝি অংশে দুটি গুলি লেগেছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি একনলা বন্দুক, একটি বিদেশি এয়ার পিস্তল, তিনটি দেশি বন্দুক (এলজি) ও সাতটি গুলি।