সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট
বাগেরহাট

সুন্দরবনে আজ শুক্রবার ভোরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দাবি, নিহত দুজন বনদস্যু ‘দারোগা বাহিনীর’ সদস্য। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মরা পশুর ক্যাম্পের পূর্ব পাশে সীমানার খালে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে র‍্যাব। নিহত দুজনের মধ্যে একজনের নাম সগির (৩০)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবিরের ভাষ্য, ঘটনাস্থল থেকে একটি নয় মিলিমিটার পিস্তল, সাতটি একনলা বন্দুক, চারটি ওয়ান শুটারগান ও ১৭৭টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। মুঠোফোনে মেজর আদনান কবির জানান, সীমানার খালে বনদস্যু দারোগা বাহিনীর সদস্যরা রয়েছে—এমন খবরের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার র‌্যাবের একটি দল সেখানে যায়। ভোর সাড়ে ছয়টার দিকে ওই খালসংলগ্ন বনে দস্যুদলের অবস্থান শনাক্ত করে র‍্যাব। বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধ ঘণ্টা ধরে ‘বন্দুকযুদ্ধের’ পর দস্যুরা বনের মধ্যে পিছু হটে পালিয়ে যায়। পরে র‌্যাব ঘটনাস্থল তল্লাশি করে দুটি মরদেহ, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।

মেজর আদনান কবির দাবি করেন, এ সময় স্থানীয় জেলেরা নিহত সগিরকে দারোগা বাহিনীর দ্বিতীয় প্রধান বলে শনাক্ত করেন। মৃতদেহ ও আগ্নেয়াস্ত্র বাগেরহাটের মংলা থানায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।