সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩

সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা জলদস্যু ‘সুমন বাহিনীর’ তিন সক্রিয় সদস্য ছিলেন বলে দাবি করেছে র্যাব। এ সময় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুখপাড়ারচর এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় র্যাব জানাতে পারেনি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, একটি পাইপগান ও ৩৯৫টি গুলি।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স প্রথম আলোকে বলেন, জলদস্যু ‘সুমন বাহিনীর’ সদস্যরা শরণখোলা রেঞ্জের সুখপাড়ারচর এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে র্যাব ওই এলাকায় অভিযান চালায়। জলদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেলে গুলি ছুড়তে শুরু করে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ৪০ মিনিট বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে জলদস্যুরা পিছু হটে বনের গহিনে চলে যায়। পরে র্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন। সকাল ৮টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। পরে জেলেরা এসে তিনজনকে সুমন বাহিনীর সদস্য বলে শনাক্ত করেন।
সুমন নামে এক যুবক নিজ নামে বাহিনী গড়ে তুলে সুন্দরবন ও বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে দাবি করেন র্যাবের ওই কর্মকর্তা।