সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু নিহত

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় র্যাবের সঙ্গে বনদস্যুদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আজ সকাল সোয়া ৮টার দিকে রেঞ্জের শৈলার খালে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক মুঠোফোন বার্তায় জানানো হয়। র্যাব-৮-এর অধিনায়ক লে কর্নেল আনোয়ারুজ্জামান এই তথ্যের নিশ্চিত করেছেন।
র্যাবের ভাষ্য, শরণখোলা রেঞ্জের শৈলা খালে র্যাব ৮ এর একটি দলের সঙ্গে গুলিবিনিময়ে বনদস্যু ও জলদস্যু ‘লিটন বাহিনীর’ সেকেন্ড ইন কমান্ড মো. মোক্তার মোল্লা নিহত হন।

এ বিষয়ে জানতে চাইলে র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা প্রথম আলোকে বলেন, সকাল ৮টা ১৫ থেকে ৮টা ৫০ পর্যন্ত বনদস্যু ও জলদস্যুদের সঙ্গে গুলিবিনিময় ঘটে। ওই এলাকায় জলদস্যুরা আস্তানা গড়েছে এমন সংবাদদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছোড়ে। ওই সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এই গুলি বিনিময়ের ঘটনায় একজন নিহত হন। ঘটনাস্থল থেকে প্রায় ২১টি বিভিন্ন ধরনের অস্ত্র, ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে সুন্দরবনে নদীখালে থাকা জেলেরা নিহত ব্যক্তিকে বনদস্যু ‘লিটন বাহিনীর’ সেকেন্ড ইন কমান্ড মো. মোক্তার মোল্লা বলে শনাক্ত করেন। উদ্ধার হওয়া অস্ত্র গোলাবারুদ ও নিহতের মরদেহ বাগেরহাটের শরণখোলা থানায় নিয়ে আসা হচ্ছে।
মেজর সোহেল রানা আরও বলেন, লিটন নামে এক ব্যক্তি প্রায় দুই মাস আগে নিজ নামে বাহিনী গড়ে তোলে। তাঁদের বিরুদ্ধে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের কাছ থেকে চাঁদা আদায় ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।
কতজন জলদস্যু ছিল জানতে চাইলে মেজর সোহেল রানা বলেন, যে পরিমাণ অস্ত্র গুলি পাওয়া গেছে, এতে ধারণা করা হচ্ছে সাত-আটজন ছিল। একজন নিহত হয়েছেন। অন্যরা পলাতক।