সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' রাঙ্গা বাহিনীর প্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে তৎপর ‘রাঙ্গা বাহিনী’র প্রধান আমীর হোসেন ওরফে রাঙ্গা গত রোববার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। খুলনার পাইকগাছা উপজেলার কুমখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে গতকাল সোমবার মুঠোফোনে বেলা ১১টার দিকে জানতে চাইলে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী প্রথম আলোকে বলেন, রাঙ্গার (৪০) বাড়ি রূপসা উপজেলার আলাইপুর গ্রামে। তিনি পাইকগাছা, দাকোপ, মংলা, রূপসাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ছয়টি মামলার পলাতক আসামি ছিলেন। তাঁকে রোববার বিকেলে উপজেলার হরিঢালী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাঁকে সঙ্গে নিয়ে সুন্দরবনে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। রাত দুইটার পর কুমখালী এলাকায় পৌঁছালে ওত পেতে থাকার রাঙ্গার একদল সহযোগী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে রাঙ্গা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। তাঁর সহযোগীরা পিছু হটার পর রাঙ্গাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, একটি পিস্তল, বন্দুকের ১২টি গুলিসহ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রাঙ্গার লাশ ময়নাতদন্তের জন্য গতকাল সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।