সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' শামসু বাহিনীর প্রধান নিহত
সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু শামসু বাহিনীর প্রধান শামসু ওরফে কোপা শামসু (৪৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীসংলগ্ন মৃগমারী খাল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
র্যাব-৬–এর উপ-অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬–এর একটি টহল দল সকালে সুন্দরবনের ওই এলাকায় যায়। র্যাব সদস্যরা মৃগমারী খাল এলাকায় পৌঁছালে তাঁদের লক্ষ্য করে বনের ভেতর থেকে দস্যুরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা গুলিবিনিময় চলে।
পরে সেখানে তল্লাশি করে বাহিনীপ্রধান শামসু ওরফে কোপা শামসুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে র্যাব একটি বিদেশি বন্দুক, দুটি একনলা বন্দুক, ৩৬টি গুলি ও দুটি ধারালো রামদা উদ্ধার করে।