সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন বনদস্যু নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক বনদস্যু নেতা নিহত হয়েছে।

আজ সোমবার ভোরে বাগেরহাটের শরণখোলা উপজেলাসংলগ্ন কাতলার খাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে দাবি র‍্যাবের।

র‍্যাবের ভাষ্য, নিহত ব্যক্তির নাম জামাল (৩৫) ওরফে নুরুজ্জামান হাওলাদার ওরফে জামাল হাওলাদার। তিনি সুন্দরবনের বনদস্যু জামাল বাহিনীর প্রধান।

ঘটনাস্থল একটি পিস্তল, চারটি কাটা রাইফেল, সাতটি বন্দুক, দুটি এয়ারগান, ১০০টি গুলি ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করার দাবি করেছে র‍্যাব।

বরিশাল র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবিরের ভাষ্য, জামাল বাহিনীর প্রধান ও তার সহযোগীরা কাতলার খাল এলাকায় অবস্থান করছে বলে গোপন তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল আজ ভোর পাঁচটার দিকে ওই এলাকায় অবস্থান নেয়। উপস্থিতি টের পেয়ে র‌্যাবের ওপর গুলি ছোড়ে দস্যুরা। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে আধঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। বনদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনের মরদেহ ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে র‍্যাব। নিহত ব্যক্তিকে বনদস্যু জামাল বাহিনীর প্রধান জামাল বলে চিহ্নিত করেছেন স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা।

র‍্যাবের ভাষ্য, জামালের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। তার বিরুদ্ধে শরণখোলা ও পাথরঘাটা থানায় দস্যুতার একাধিক অভিযোগ রয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, ‘এই থানায় জলদস্যু জামালের বিরুদ্ধে দস্যুতা ও ডাকাতির অন্তত তিনটি মামলা আছে।’

সকালে র‍্যাব জানায়, নিহত ব্যক্তির লাশ ও উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র শরণখোলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার বিষয়ে কথিত জামালের পরিবারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর বাগেরহাট, মংলা ও পাথরঘাটা প্রতিনিধি