সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন বনদস্যু নিহত
খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তিকে বনদস্যু বলেছে র্যাব।
আজ শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার ফুলতলা নামক স্থানে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম আবু বক্কর ওরফে সাইজ্যা। তিনি বনদস্যু সাইজ্যা বাহিনীর প্রধান। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি রাইফেল, দুটি দা ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। আবু বক্করের বিরুদ্ধে কয়রা থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব-৬ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জাহিদ হোসেনের দাবি, সুন্দরবনের ফুলতলা এলাকায় বনদস্যুরা অবস্থান করছে বলে জানতে পারে র্যাব। ওই এলাকায় গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে বনদস্যুরা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে বনদস্যুরা পিছু হটে যায়। ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁর পরিচয়ের তথ্য নিশ্চিত করে স্থানীয় লোকজন।