সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' 'নাসির বাহিনী'র প্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের পূর্বাঞ্চলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত বনদস্যু ‘নাসির বাহিনী’র প্রধান নাসির ওরফে রাসেল (২৯) নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে চাঁদপাই রেঞ্জের হাড়বারিয়া চরের ঠোটা এলাকায় ওই বন্দুকযুদ্ধের সময় ছয়টি আগ্নেয়াস্ত্র, ১৬৯টি গুলি ও পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির এই অভিযানের নেতৃত্ব দেন। তাঁর ভাষ্যমতে, ভোর সাড়ে ছয়টার দিকে র‌্যাবের একটি দল সুন্দরবনের হাড়বারিয়া চর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সেখানে বনদস্যু নাসির বাহিনীর ৮ থেকে ১০ জনের একটি দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা জবাব দেয়। গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা চরের ঠোটা এলাকায় বনের ভেতরে অবস্থান নিয়ে গুলি চালিয়ে যেতে থাকে। প্রায় ১৫ মিনিট পর তারা পিছু হটে গহিন বনে চলে গেলে র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালান। এ সময় একটি লাশ, ছয়টি আগ্নেয়াস্ত্র, ১৬৯টি গুলি ও পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে স্থানীয় জেলেরা লাশটি কথিত বনদস্যু নাসির বাহিনীর প্রধান নাসিরের বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন।