সুন্দরবনে 'বন্দুকযুদ্ধ' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলা-সংলগ্ন সুন্দরবনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু বক্কর (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সুন্দরবনের ভেতরে ফুলতলা নামক স্থানে গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর কয়রার আমাদী ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের মৃত আলেক সরদারের ছেলে। র‍্যাবের দাবি, তিনি বনদস্যু ও জলদস্যু সাইজ্যা বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে কয়রা থানায় একাধিক মামলা আছে।

র‍্যাব-৬-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জাহিদ হোসেন বলেন, সুন্দরবনের ফুলতলা এলাকায় বনদস্যুরা অবস্থান করছে বলে গোপনে জানতে পেরে গতকাল সকাল আটটার দিকে সেখানে গেলে র‍্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় দস্যুরা। র‍্যাবও পাল্টা গুলি চালায়। দস্যুরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি রাইফেল, দুটি দা ও শটগানের চারটি গুলি উদ্ধার করেছে র‍্যাব।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহত আবু বক্করের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা আছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মামলার পর ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজহাসপাতালের মর্গে পাঠানো হবে।