সুন্দরবনের আরও দুই দস্যু বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনের বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনী অস্ত্র, গুলিসহ আত্মসমর্পণ করেছে। গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাটের মোংলা বন্দরের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র-গুলি জমা দিয়ে বাহিনী দুটির প্রধানেরাসহ ১১ জন সদস্য আত্মসমর্পণ করেন। তাঁরা ১৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৬২৫টি গুলি জমা দেন।
এর আগে গত ৩১ মে একই স্থানে প্রায় ৫২টি দেশি-বিদেশি অস্ত্র ও ৫ হাজার গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করেন বনদস্যু মাস্টার বাহিনীর প্রধানসহ ১০ জন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) সূত্রে জানা গেছে, গত ২৬ জুন দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ইলিয়াছ ও মজনু বাহিনীর প্রধান ইলিয়াছ ও মজনু শেখ এবং তাঁদের নয়জন সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেন। এরপর তাঁদের আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হয়। এর অংশ হিসেবে গতকাল সকাল সাতটায় পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের পশুর নদসংলগ্ন টাপামারি এলাকায় ওই দুই বাহিনীর প্রধানেরাসহ ১১ জনকে অস্ত্র-গুলিসহ র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবিরের নেতৃত্বে একটি দল জিম্মায় নেয়। এরপর বেলা একটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে অস্ত্র-গুলি জমা দিয়ে তাঁরা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁদের আইনি সহায়তা দেওয়া হবে, যাতে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। আর যাঁরা আত্মসমর্পণ করেননি, তাঁদের প্রতি তিনি আত্মসমর্পণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান, র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমসহ র্যাব, পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, আত্মসমর্পণ করা দুই বাহিনীর সদস্যরা হলেন ইলিয়াছ গাজী (২৭), মজনু গাজী (৪৩), নাছির উদ্দিন (৩৩), রবিউল ইসলাম (২৮), ইসমাইল গাজী (৫০), এনামুল সর্দার (২৭), ইদ্রিস আলী (২৮), আবুল কালাম আজাদ (২০), মঞ্জু শেখ (৪৩), জাহাঙ্গীর মোড়ল (২২) ও বাবুল হাসান (২৪)। তাঁদের বাড়ি খুলনার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরার তালা ও শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে।