সুন্দরবনের আরও দুই দস্যু বাহিনীর আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের বনদস্যু শান্ত ও আলম বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে। শান্ত বাহিনীর ১০ জন এবং আলম বাহিনীর চারজন আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালের র‌্যাব-৮-এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। এ সময় তাঁরা ২০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৮টি গুলি জমা দেন।

আত্মসমর্পণকারী দস্যুরা হলেন আবদুল বারেক তালুকদার ওরফে শান্ত (৪৮), আলম সরদার (৩৪), দুলাল মোল্লা ভান্ডারী (৪০), ফরিদ হাওলাদার (২৬), আনিছুর রহমান মোল্লা (৩৫), বশির আহমেদ শেখ (৪৭), ফরিদ গাজী (৩৮), মোস্তফা শেখ (৪৬), নুরুল ইসলাম (৪৪), খোরশেদ শেখ (৫২), হালিম গাজী (২৬), আবু বক্কর সিদ্দিক (২৭) ও আছাদুজ্জামান (১৮)। তাঁদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ, কচুয়া, মোংলা, রামপাল এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে।

র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, ২০১৩ সাল থেকে শান্ত ও আলম বাহিনী সুন্দরবনের বলেশ্বর নদীসংলগ্ন বিভিন্ন খাল ও শরণখোলা রেঞ্জের কটকা, কচিখালী, নারিকেল বাড়িয়া ও দুধমুখী-সংলগ্ন অঞ্চল এবং পশ্চিম সুন্দরবনে জেলে-বাওয়ালিদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সুন্দরবন-সংলগ্ন বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘র‌্যাবসহ অন্যান্য বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। যাঁরা ভুল করে খারাপ পথে গেছেন, তাঁরা যদি ক্ষমা চেয়ে ভালো পথে ফিরে আসেন, আমরা তাঁদের সুযোগ দেব। তাঁদের পুনর্বাসনে সহায়তা করা হবে। স্বাভাবিক জীবনে ফিরে না এসে সুন্দরবনে যাঁরা দস্যুবৃত্তিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকবেন, তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না।’ সুন্দরবনকে যেকোনো মূল্যে দস্যুমুক্ত করার ঘোষণা দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘আজকে যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, তার ব্যবস্থা করে দেবে সরকার। যাঁরা হত্যা ও ধর্ষণ—এ দুটি অপরাধের সঙ্গে যুক্ত নন, তাঁদেরকে যতখানি আইনি সহযোগিতা দরকার, তা আমরা দেব। এঁদের পুনর্বাসনেও উদ্যোগ নেওয়া হবে।’

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘দক্ষিণাঞ্চলের বিরাট সমস্যা জলদস্যু ও বনদস্যু। এ অঞ্চলে এদের ছয়টি বাহিনী কাজ করছে। তার মধ্যে দুটি আত্মসমর্পণ করেছে। এখনো চারটি বাহিনী সক্রিয় আছে। আমরা সবাইকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই শতাধিক জলদস্যু নিহত হয়েছে। এরপরও কেউ দুঃসাহস দেখালে তাদের অবস্থাও এদের মতো হবে। আত্মসমর্পণের পর তারা যেন শান্তিতে এলাকায় থাকতে পারে, সে ব্যাপারে প্রশাসনসহ সবার নজর দিতে হবে।’

আত্মসমর্পণ শেষে শান্ত বাহিনীর প্রধান বারেক তালুকদার ওরফে শান্ত প্রথম আলোকে বলেন, ‘ভুল পথে থেকে প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করেছি। একদিকে বদনাম কুড়িয়েছি, অন্যদিকে পালিয়ে বেড়াতে হয়েছে। এখন পরিবার নিয়ে যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারি, সেই আবেদন করেছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।’ একই অনুভূতির কথা জানান আলম বাহিনীর প্রধান আলম সরদারও।

আত্মসমর্পণ অনুষ্ঠানে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত জলদস্যু গ্রেপ্তারে ৮৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। ১৪১ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। সাড়ে তিন শ অস্ত্র ও পৌনে নয় হাজারটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বনদস্যু গ্রেপ্তারে অভিযান হয়েছে ১৫৬টি, গ্রেপ্তার হয়েছে ১৯৯ জন। এতে ৬১২টি অস্ত্র এবং সাড়ে ১৬ হাজার গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে ১৭২টি।

আত্মসমর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংসদ তালুকদার মো. ইউনুস, শেখ মো. টিপু সুলতান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান, র‌্যাব বরিশালের অধিনায়ক ইফতেখারুল আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান প্রমুখ।

এর আগে দুই দফায় মোংলায় গত ৩১ মে প্রায় ৫২টি দেশি-বিদেশি অস্ত্র ও প্রায় পাঁচ হাজারটি গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করেন সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মাস্টারসহ ১০ দস্যু। পরে ১৪ জুলাই বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনী ১১ দস্যুসহ আত্মসমর্পণ করেন। তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ২০টি গুলি জমা দেন।